ক্রেতা সেঁজে ৫ আগ্নেয়াস্ত্রসহ ১ জনকে আটক করেছে পুলিশ
মহেষখালীতে ক্রেতা সেজে ৫ অস্ত্রসহ আটক ১
অস্ত্র ক্রেতা সেঁজে অভিযান চালিয়ে ৫ দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি অস্ত্র তৈরির কারিগর ও বেচাকেনায় জড়িত বলে দাবী করেছে পুলিশ।
বুধবার (১১ আগস্ট) দুপুর ২টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ায় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাহমুদুল হক (৪২) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ার মৃত দলিলুর রহমানের ছেলে।
মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র কারবারীদের ধরতে এলাকাটিতে বেশ কিছু দিন ধরে নজরদারি বাড়িয়েছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে ক্রেতা সেজে অভিযান চালিয়ে একটি কক্ষের ভেতর কৌশলে পলিথিন মুড়িয়ে লুকানো অবস্থায় দেশীয় তৈরি ৫টি বন্দুক পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের বাড়িতে অস্ত্র তৈরি করে মজুদ রেখে পরে তা বিভিন্ন অপরাধীদের কাছে সরবরাহ করতো এবং অন্যদের কাছ থেকে সংগ্রহ করে বেচাকেনার সাথে জড়িত ছিল বলে স্বীকার করেছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বার্তা বাজার/টি