কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
মাদারীপুরের ডাসারে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজ ছাত্রীর বড় ভাই বাদী হয়ে ডাসার থানায় একটি জিডি করেছেন। এমন ঘটনা আরো একাধিক ছাত্রীর সাথে ঘটিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, ডাসারের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক শ্রীবাস হীরা দীর্ঘদিন ধরে একই কলেজের এক সাবেক ছাত্রীকে ফেসবুকে যৌন হয়রানিমূলক ও কুরুচিপূর্ণ বার্তা পাঠাতো।
এতে বিরক্ত হয়ে ওই শিক্ষককে একাধিক বার নিষেধ করে। তারপরও অনবরত একই ধরনের যৌন হয়রানি মূলক বার্তা পাঠায়। একপর্যায়ে অসহ্য হয়ে ওই ছাত্রী তার পরিবারের লোকজনকে বিষয়টি জানান। পরে তার ভাই বাদী হয়ে ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে যৌন হয়রানির শিকার ছাত্রীর বড় ভাই বলেন, শ্রীবাস হীরা স্যার আমার বোনকে দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জারে আজেবাজে ম্যাসেজ পাঠায়। আর তা আমার বোন নিষেধ করলে সে আরো বেশি আজেবাজে ম্যাসেজ পাঠায় এবং কল দিয়ে বিরক্ত করে।
বিষয়টি অধ্যক্ষকে জানালে তিনি কোন ব্যবস্থা নেননি। কোন উপায় না পেয়ে আমি ডাসার থানায় একটি সাধারণ ডাইরি করি। যার নং ৩১৩।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, স্যার আমাদের মেসেঞ্জারে আজেবাজে কথা বলছে এবং আমরা তার সকল কথার প্রতিবাদ করায় সে আমাদের উল্টা আরো হুমকি দিয়েছে। মান সম্মানের ভয়ে কিছু বলতে পারছিনা। আমরা এর বিচার চাই।
অভিযুক্ত শিক্ষক শ্রীবাস হীরাকে সাংবাদিক পরিচয় দিয়ে ফোন দিলে তিনি ফোন কেটে দেন। এরপরে একাধিকবার তার মুঠোফোনে কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ বলেন, আমাদের কাছে অভিযোগ আসলে আমরা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবো।
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান হাসান বলেন, এই ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আমরা অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি