পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে আগামী জুনের মধ্যে: ওবায়দুল কাদেরের প্রত্যাশা

পদ্মা সেতু আগামী জুনের মধ্যে দিয়ে গাড়ি চলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বুধবার (১১ আগস্ট) দুপুরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পদ্মা সেতুর পিলারে বারবার ফেরীর ধাক্কা চালকের অদক্ষতা নাকি অন্তর্ঘাত তা নিয়ে প্রশ্ন তুলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গত এক মাসে চার বার সেতুর পিলারে ফেরির ধাক্কা লেগেছে। ফেরির ধাক্কা বারবার কেন। এক বার নয় দুই বার নয় চার চার বার। এটা চালকের অদক্ষতা নাকি অন্তর্ঘাত তা খতিয়ে দেখতে হবে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বার বার এ ঘটনা কেন ঘটবে।

আমাদেরও বিষয়টি খতিয়ে দেখা দরকার। এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্র ছিল, তা এখনও শেষ হয়নি। তিনি বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেলে এই সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়ে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। আজ পদ্মা সেতু দৃশ্যমান বাস্তবতা। সব পিলার নির্মাণ শেষ হয়েছে।

এ সময় সভায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর