বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে গণপরিবহন, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অবাধে চলাচল করছে গণপরিবহন। তবে এ গণপরিবহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তুলেছেন যাত্রীরা। সড়কের তারাকান্দি থেকে ঢাকাগামী অমিতি ক্লাসিক পরিবহনের যাত্রী এমন অভিযোগ তোলেন।

যাত্রীদের অভিযোগ ১০০ টাকা বাড়তি নেয়ার অভিযোগ করলেও পরিবহনের সহকারি ৪০ টাকা বেশি নেয়ার কথা স্বীকার করেছেন।

বুধবার (১১ আগস্ট) বিধিনিষেধ শিথিলের প্রথমদিন এমন তথ্য পাওয়া গেছে মহাসড়কে তারুটিয়ায় এলাকায় বিকল হওয়া তারাকান্দি থেকে ঢাকাগামী অমিতি ক্লাসিক পরিবহনের বিরুদ্ধে।

এ পরিবহনের ঢাকাগামী যাত্রী গিয়াস বলেন, আগে তারাকান্দি থেকে ঢাকার ভাড়া ছিল ১৮০-২০০টাকা। আজ সেখানে ভাড়া নেয়া হচ্ছে ৩০০টাকা। বাড়তি ভাড়া কেন নেয়া হচ্ছে সে ব্যাপারে কিছুই বলছেনা বাসের স্টাফরা।

ওই গাড়ীর অপর যাত্রী ও রহিম স্টীল ফ্যাক্টরীতে কর্মরত হোসাইন খান বলেন, ঈদের ছুটি শেষ হলেও বিধিনিষেধের কারণে তিনি বাড়িতে ছিলেন। আজ বিধিনিষেধ শিথিল হওয়ার কারণে তিনি কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তবে বাসের ভাড়া বাড়তি নেয়া হচ্ছে। আগে ২০০ টাকা ভাড়া ছিল আর আজকে নেয়া হয়েছে ৩০০টাকা।

৪০টাকা বেশি ভাড়া নেয়া কথা স্বীকার করেছেন তারাকান্দি থেকে ঢাকাগামী অমিতি ক্লাসিক বাসের সহকারি আব্দুল মজিদ। তিনি বলেন, ১০ আগস্ট টিকিট বিক্রি করা হয়েছে বলেই ভাড়া বেশি নেয়া হয়েছে। সরকারিভাবে আগের ভাড়া নেয়া কথা বলা হলেও বাড়তি ভাড়া নেয়াটা ঠিক হয়নি বলে স্বীকার করেছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে গণপরিবহনের সংখ্যা তুলনামূলক ভাবে বাড়েনি। স্বাভাবিক গতিতেই মহাসড়কে যান চলাচল করছে। এছাড়াও বিধিনিষেধ শিথিলের প্রথমদিন মহাসড়কের কোথাও যানজট বা ধরিগতি সৃষ্টি হয়নি বলেও জানান তিনি।

এ ব্যাপারে টাঙ্গাইল বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি জানান, সরকারি নির্দেশনা মেনে আজ থেকে টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে অর্ধেকবাস চলাচল শুরু করছে। চলাচলরত বাসগুলোতে সিট অনুযায়ি যাত্রী আর আগের ভাড়া নেয়া হচ্ছে। এছাড়াও কোন বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেলেই সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

হাসান সিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর