সোনা আত্মসাত: ডিবির ওসিসহ ৬ গোয়েন্দা পুলিশ রিমান্ডে

রিমান্ডে যাওয়া ৬ পুলিশ সদস্য। ছবি- বার্তা বাজার

গোপাল কান্তি দাশ নামে চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে তা আত্মসাতের ঘটনায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল ইসলাম ভুঁইয়াসহ ৬ পুলিশ কর্মকর্তার রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (১১ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃত ওসি সাইফুল ইসলাম ও বাকি ৫ অভিযুক্তকে আদালতে তুলে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালত ওসি সাইফুল ইসলাম ভুঁইয়াকে ৪ দিনের ও এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক ও এএসআই অভিজিত বড়ুয়া এবং মাসুদ রানাকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে।

এর আগে গত ৮ আগষ্ট ঢাকাগামী চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীকে ফেনীর ফতেহপুর এলাকায় আটক করে তার কাছথেকে ২০ টি স্বর্ণের বার উদ্বার করে জেলা গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তারা। পরে সেই স্বর্ণের বার গুলো আত্মসাৎ করে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে কমল কান্তি দাশ নামের ওই ব্যবসায়ী এ বিষয়ে লিখিত অভিযোগ জানায়। অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে গোয়েন্দা কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে ওই ব্যবসায়ীর দ্বারা শনাক্তের মাধ্যমে ৬ গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেফতার করে জেলা পুলিশ। তাদের কাছ থেকে আত্মসাতকৃত ১৫টি স্বর্ণের বার উদ্বার করা হলেও বাকী ৫ টি বার উদ্বার করা যায়নি।

এর আগে গ্রেফতার পরবর্তী গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি স্বর্ণবার নিয়ে তাকে আটক করেন তারা। পরবর্তীতে স্বর্ণেরবার গুলো রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

নুরুন্নবী আরও জানান, এ ঘটনার পর গোপাল কান্তি তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে ওই ব্যবসায়ীকে ঘটনায় জড়িতদের শনাক্ত করতে দেওয়া হলে তিনি চারজনকে শনাক্ত করেন। পরে ওই ৪ জনের দেয়া তথ্যমতে অন্য দুজনকে আটক করা হয়।

কামরুল হাসান ছিদ্দিকি/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *