খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় মসিউর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার খাজুরা মিস্ত্রিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ৫০ বোতল ফেন্সিডিল, একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক, অস্ত্রসহ একাধিক মামলার আসামী মসিউর রহমান খাজুরা এলাকা থেকে মাদকের চালান নিয়ে শহরে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় মসিউর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষন করতে যায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মসিউর রহমান গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছ থেকে ফেন্সিডিল, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । মসিউর রহমানের নামে ঝিনাইদহ সদর থানায় মাদক, অস্ত্র ও ডাকাতিসহ মোট ৯ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।