স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের করোনা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১১ আগস্ট) দুপুরে ঢাকার কেরানীগঞ্জে করোনা হেল্প সেন্টার উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অথর্ব স্বাস্থ্যমন্ত্রীর করোনা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নেই। তিনি বলছেন- ‘আমার করার কিছু নেই’। অথচ বিভিন্ন দাতাগোষ্ঠী অক্সিজেন কন্টেন্ট দিয়েছে যা বিমানবন্দরে পড়ে আছে।
রিজভী বলেন, করোনায় আক্রান্তরা আধুনিক চিকিৎসা পাচ্ছে না। কিছু বেসরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে নেই। মসস্বলের অবস্থা আরও ভয়াবহ। আজকে পথে-ঘাটে, ধানক্ষেতে মানুষের লাশ পড়ে আছে। শুধু চারদিকে লাশের গন্ধ আর হাহাকার চলছে।
বিএনপির এই নেতা বলেন, সরকারের মন্ত্রীরা বলছেন একে একে সব খুলে দিচ্ছি। শিল্পকারখানা, গণপরিবহন, মার্কেটসহ সব খুলে দেওয়া হলেও স্কুল-কলেজ খুলে দেবে না। অথচ আমরা দেখতে পেলাম ইউরোপে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা দিয়ে স্কুল-কলেজ খুলে দিয়েছে। এদিকে আমাদের সরকার স্কুল-কলেজ খুলে দিচ্ছে না।
তিনি আরও বলেন, দেশে প্রতিদিন গড়ে ২৫০ জনের বেশি মানুষ মারা যাচ্ছে। সেখানে সরকার তুলে দিল। গ্রামেগঞ্জে যারা মারা যাচ্ছেন তাদের হিসেব নেই। অথচ যখন ৫০ জন মারা যেত তখন লকডাউন দিয়েছিল।
জনগণের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা না থাকায় সরকার যখন যা খুশি তাই করছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
বার্তা বাজার/নব