।। মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই) ।। ঢাকার অদূরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে একটি পাঁচতলা ভবন পাশের একটি তিনতলা ভবনের উপর হেলে পড়ায় ওই এলাকায় জনমনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। রবিবার (৩০ জুন) সরেজমিন ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে গত কয়েক বছর আগে মজিবর রহমান নামের এক ব্যক্তি পাঁচতলা বাড়ি বানিয়ে ভাড়া দিয়েছেন। বাড়িটি পাশের আইয়ুব আলী নামের এক ব্যক্তির তিনতলা বাড়ির উপর হেলে পড়েলে ওই তিনতলা বাড়িটির দেওয়াল ও পিলারে ফাটল ধরেছে। এঘটনায় দুই বাড়ির বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোন সময় ভবনটি ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
তবে বাড়ির মালিক মজিবর রহমান গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি না হওয়ায় এব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, উপজেলা প্রশাসন হেলে পড়া বাড়িটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে। তবে এঘটনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের পক্ষ থেকে বাড়ির মালিককে নোটিশ দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেও ভবন মালিক কোনরুপ কর্ণপাৎ করছেন না।