পাবনায় সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ) পাবনা জেলা শাখা ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি জেলা শাখার গণমাধ্যমকর্মীরা।

বুধবার (১১ আগস্ট) সকাল ১১টায় শহরের হামিদ রোড প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে স্থানীয় সাংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সৈকতের বিরুদ্ধে সম্প্রতি ডিজিটাল মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধের অপচেষ্টা ও মত প্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্থক্ষেপ। বক্তারা অবিলম্বে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ) পাবনা জেলা শাখার সভাপতি ডা.আব্দুল সালাম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি জেলা শাখার সভাপতি মামুনুর রহমানসহ স্থানীয় সংবাদ কর্মীরা।

প্রসঙ্গত, গত ৮ মার্চ বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যাক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সাবেক এমপি আরজু এ মামলা দায়ের করেন।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর