নির্মাণাধীন পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার ঘটনার পরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি দিয়ে যানবাহন পারাপারে আবারও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে ঢাকা অফিসার্স ক্লাবে মন্ত্রিপরিষদ সচিবের সাথে বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের বৈঠকে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠক শেষে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানান, যত দিন নদীতে তীব্র স্রোত থাকবে, তত দিন ফেরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ ভারী যানবাহন তোলা যাবে। বাকিটা হালকা যানবাহন থাকবে।
এছাড়া, একটি সূত্র জানিয়েছে সতর্কতা হিসেবে পদ্মা সেতুর পিলারে রাবারের আস্তর দেওয়া যায় কি না, সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
এর আগে গত ২০ জুলাই পদ্মসেতুর ১৬ নং পিলারে রো রো ফেরি শাহ মাখদুম ধাক্কা দেয়। ২৩ জুলাই ১৭ নং পিলারে ধাক্কা দেয় ফেরি শাহজালাল। সর্বশেষ সোমবার (০৯ আগস্ট) রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ধাক্কা দেয় সেতুর ১০ নং পিলারে।
এরপর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, পদ্মাসেতুর নিচ দিয়ে ভারী যানবাহন নিয়ে চলাচলকারী কোনো ফেরি চলাচল করতে পারবে না।
বার্তা বাজার/এসজে