১৯ দিন পর চলছে সব ধরণের গণপরিবহন

করোনার সংক্রমণ প্রতিরোধে টানা ১৯ দিনের কঠোর বিধি নিষেধের পর বুধবার (১১ আগস্ট) সকাল থেকে রেল, নৌ ও সড়কপথে চলতে শুরু করেছে সকল ধরণের গণপরিবহন।

রাজধানীর মিরপুর, ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, শতভাগ যাত্রী নিয়ে সড়কে গণপরিবহন চলাচল করছে। তবে স্বাস্থবিধি মান হচ্ছে না শতভাগ। অনেকের মুখে মাসক দেখা যায়নি। হ্যান্ড স্যানিটাইজার ছিল না অনেক বাসেই।

রাজধানীর কমলাপুর স্টেশনের একটি সূত্র জানায়, বুধবার ভোর ৪টা ৪৫মিনিটে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে বলাকা কমিউটার ট্রেন। এর মাধ্যমে রেলের চাকা আবারও ঘুরতে শুরু করেছে। পর্যায়ক্রমে তুরাগ লোকাল ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন কমলাপুর ছেড়ে যায়।

এ প্রসঙ্গে কমলাপুর স্টেশ্নের মাস্টার রফিকুল ইসলাম জানান, করোনার স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে ২৫ জোড়া আন্তঃনগর এবং ১২ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করছে। আর সারাদেশ থেকে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ২০ জোড়া মেইল-কমিউটার ট্রেন চলাচল করছে।

এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মঙ্গলবার মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু করেছে। এর আগে মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)৷

প্রসঙ্গত, করোনার উর্ধ্বমুখী সংক্রমণ প্রতিরোধে গত ১ জুলাই শুরু হয় কঠোর বিধি নিষেধ। ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করা হয় বিধি নিষেধ। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধি নিষেধ দেওয়া হলেও তার মেয়াদ বাড়ানো হয় ১০ আগস্ট নাগাদ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর