বিশ্বজিৎ হত্যাকাণ্ড: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা ইমরান গ্রেফতার

ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে প্রকাশ্যে খুন হওয়া নিরীহ পথচারী বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেনকে ফরিদপুরের সদরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে তাকে উপজেলার চর বিষ্ণূপুর থেকে গ্রেফতারকরা হয়।

আসামি ইমরান হোসেন উপজেলার চর চাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে।তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।

এ বিষয়ে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চর বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১১ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ ডিসেম্বর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে প্রকাশ্যে দিবালোকে শিবির তকমা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর এই ঘটনায় দায়ের করা মামলার রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। ২১ আসামির মধ্যে আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

নিম্ন আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রাশেদুজ্জামান, ইমদাদুল হক, কাইয়ুম মিয়া, সাইফুল ইসলাম, রাজন তালুকদার (পলাতক) ও নূরে আলম (পলাতক)।

এছাড়া যাবজ্জীবন সাজা পান, এইচ এম কিবরিয়া, গোলাম মোস্তফা, খন্দকার ইউনুস আলী, মনিরুল হক, তারিক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম (২), কামরুল হাসান ও মোশাররফ হোসেন।

এই আসামিদের মধ্যে কিবরিয়া ও গোলাম মোস্তফা ছাড়া বাকিরা পলাতক রয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর