ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসি সহ ৬ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

চট্টগ্রামের গোপাল কান্তি দাশ নামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণবার নিয়ে তা আত্মসাতের অভিযোগে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ভুঁইয়া সহ ৬ গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের কাছ থেকে আত্মসাতকৃত ১৫টি স্বর্ণের বার উদ্বার করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগষ্ট) রাতে ডিবির এসব সদস্যদের গ্রেপ্তার করে ফেনী মডেল থানায় সোর্পদ করা হয়। তাদের বিরুদ্ধে রাতেই ফেনী মডেল থানায় ডাকাতি মামলা করেছেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস।

গ্রেপ্তার ছয়জনের মধ্যে ওসি সাইফুল ইসলাম ছাড়াও রয়েছেন এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক ও এএসআই অভিজিত বড়ুয়া এবং মাসুদ রানা।

ফেনীর পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী জানান, রোববার (৮ আগষ্ট) বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি স্বর্ণবার নিয়ে তাকে আটক করেন তারা। পরবর্তীতে স্বর্ণেরবার গুলো রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

নুরুন্নবী আরও জানান, এ ঘটনার পর গোপাল কান্তি তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে ওই ব্যবসায়ীকে ঘটনায় জড়িতদের শনাক্ত করতে দেওয়া হলে তিনি চারজনকে শনাক্ত করেন। পরে ওই ৪ জনের দেয়া তথ্যমতে অন্য দুজনকে আটক করা হয়।
বাকি পাঁচটি স্বর্ণবার উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে এসপি বলেন, স্বর্ণবারগুলো বৈধ না অবৈধ তা তদন্ত করা হচ্ছে,তদন্ত শেষে বলা যাবে। আগামীকাল তাদের আদালতে তোলার কথা রয়েছে।

কামরুল হাসান ছিদ্দিকি/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর