বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার সহযোগীসহ গ্রেফতার ৪

সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সহযোগী ও ১৫ মামলার পলাতক আসামি নুর হোসেন খানসাবসহ চারজনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে বিষয়টি জানায় ডিবি পুলিশ।

এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৯ আগস্ট) রাতে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় র্যাব, পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার নুর হোসেন খানসাব (৪২) মুছাপুর ১ নম্বর ওয়ার্ডের মৃত নুরনবী কমান্ডারের ছেলে এবং কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী বলে জানা যায়। গ্রেফতারকৃত বাকিরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী ও চরফকিরা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুল হোসেনের ছেলে মো. সোহাগ (৩৫), বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে এমরাদ হোসেন শিপন (৩৬) এবং ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. রফিক উল্যাহর ছেলে নজরুল ইসলাম মানিক (৩৬)।

ডিবি পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমরাদ হোসেন শিপনের বিরুদ্ধে একটি, মো. সোহাগের বিরুদ্ধে ছয়টি ও নজরুল ইসলাম মানিকের বিরুদ্ধ একটি মামলা রয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর