লঞ্চে যাত্রী পরিবহন ও ভাড়া নিয়ে যা বললেন নৌ প্রতিমন্ত্রী
আগামীকাল ১১ আগস্ট থেকে কঠোর বিধিনিষেধ শিথিল হচ্ছে। কাল থেকে চলবে লঞ্চ। লঞ্চগুলো শতভাগ যাত্রী নিয়ে আগের ভাড়ায় চলবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নৌ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে লঞ্চ চলবে। করোনা পরিস্থিতির কারণে লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছিল, এখন তা প্রত্যাহার করা হয়েছে। নতুন করে লঞ্চের ভাড়া বাড়ছে না।
এ সময় পদ্ম সেতুর পিলারে ফেরির ধাক্কা প্রসঙ্গেও কথা বলেন নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মুন্সীগঞ্জের শিমুলিয়া প্রান্তর ও মাদারীপুরের বাংলাবাজার প্রান্তর রুটে স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল করবে না।
তিনি আরও বলেন, পদ্মা সেতুর নিচ দিয়ে যে ফেরিগুলো যাবে, এগুলো হালকা যে যানবাহন আছে ও জরুরিভিত্তিতে চলা অ্যাম্বুলেন্স ও প্রাইভেটকার পারাপার করবে। নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাকি সব বন্ধ থাকবে।
বার্তা বাজার/নব