লকডাউনে ছাত্রলীগের উদ্যোগে রাজধানীতে রোগীদের জন্য ফ্রি পরিবহন সেবা

কোভিড-১৯ মহামারী প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সকল প্রকার যানবাহন বন্ধ থাকায় গাড়ি সংকট দেখা দেয়। এসময় রাজধানীতে রোগীরাও ভোগেন যানবাহনের সংকটে। এ বিষয়টি বিবেচনায় রোগী ও তাদের স্বজনদের ফ্রী পরিবহন সেবা চালু করেন ছাত্রলীগ নেতা এ এফ রহমান।

বাংলাদেশ ছাত্রলীগের জনসেবামূলক কাজের অংশ হিসেবে ৩০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয় এই কার্যক্রম। সেবার উদ্বোধনের সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি রাকিব হোসেন, উপ-সাহিত্য সম্পাদক এস এম রিয়াদ হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোগীদের সুবিধার্থে ব্যতিক্রমী এই সেবার উদ্যোক্তা ছাত্রলীগ নেতা এ এফ রহমান বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত দুইটি গাড়ি বিরামহীনভাবে এই সেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) এই কার্যক্রমের ১২তম দিন। বুধবার (১১ আগস্ট) থেকে লকডাউন শিথিল হলে যান চলাচল স্বাভাবিক হওয়ার কারণে রোগীদের যাতায়াতের সমস্যা কিছুটা উপশম হবে, তাই আপাতত এই সেবা স্থগিত করা হবে। পরবর্তীতে যদি আবারও লকডাউন দেওয়া হয় তাহলে আমাদের কার্যক্রম আবারও চালু করা হবে।

তিনি আরও জানান, এই সেবা শুধু মাত্র ঢাকা মহানগরীর জন্য। রোগী ও তাদের স্বজনদের সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা দেওয়া হয়েছে। রোগীরা এধরণের ব্যতিক্রমী সেবা পেয়ে খুব খুশী হয়েছে এবং কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।

প্রসঙ্গত, এই সেবার সম্পূর্ণ ব্যয় বহন করেছেন ছাত্রলীগ নেতা এ এফ রহমানের বাবা শহীদুল ইসলাম। ঢাকাস্থ পটুয়াখালী শ্রমজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে এই সেবার জন্য অর্থ যোগান দেওয়া হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর