মাদক মামলায় চারদিনের রিমান্ড শেষে নায়িকা পরীমনিকে আজ মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। তবে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন পরীমনিকে দেখতে আদালত প্রাঙ্গণে হাজির হন নানা শামসুল হক। নানা ছাড়া পরীমনির আর কোনো আত্মীয়কে আদালত প্রাঙ্গণে দেখা যায়নি।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, জীবনে নিজের জন্য পরীমনি কিছু করে নাই। সবকিছু সে মানুষকে দান করেছে। এখন সে পরিস্থিতির শিকার হয়েছে। নিজের কোনো ফ্ল্যাট নেই।
তিনি বলেন, সে প্রত্যেক বছর গরীবদের জন্য এফডিসিতে কুরবানি দিয়েছে। সবকিছু মানুষকে বিলিয়ে দেয়। এখন আল্লাহ পাক যদি ওরে মাফ করে আরকি।
পরীমনির বাসায় মাদকদ্রব্য পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওর বাসায় খালি বোতল ছিল। এগুলো মদের বোতল কিনা জানি না।
উল্লেখ্য, গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে বনানী থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা করেন।
এ মামলায় বৃহস্পতিবার (৫ আগস্ট) পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পরীমনি ও রাজের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
বার্তা বাজার/নব