স্ত্রী হত্যা মামলায় জামিন পাননি সাবেক এসপি বাবুল আক্তার

পরিবারসহ বাবুল আক্তার। ফাইল ছবি

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দীনের ভার্চুয়াল আদালতে শুনানি শেষে বাবুল আক্তারের জামিন না মঞ্জুর করা হয়।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাহীন ভূঁইয়া জানান, স্ত্রী মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন মামলায় তার স্বামী বাবুল আক্তারের জামিন আবেদন করেন আইনজীবী মোহাম্মদ আজমুল হুদা। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন।’

জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর ওআরনিজাম রোডে সন্তানকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে বাবুল আক্তারের দায়ের করা মামলায় স্ত্রী হত্যাকাণ্ডে তারই সম্পৃক্ততা পায় পিবিআই। গত ১২ মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। একইদিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন।

বাবুল আক্তার ছাড়া মামলার বাকি সাত আসামি হলেন, মোঃ কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা (৪০), এহতেশামুল হক ওরফে ভোলাইয়া (৪১), মোঃ মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭), মোঃ আনোয়ার হোসেন (২৮), মোঃ খায়রুল ইসলম ওরফে কালু (২৮), সাইদুল ইসলাম সিকদার (৪৫) ও শাহজাহান মিয়া (২৮)।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *