প্রকল্পে নিজের নাম দিতে নারাজ প্রধানমন্ত্রী, রাখলেন না সচিবদের অনুরোধ
জামালপুরে যমুনা নদীর পাড়ে দেশের সবচেয়ে বড় ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এ প্রকল্পের নাম দেওয়া হয় ‘শেখ হাসিনা সোলার পার্ক, জামালপুরের মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’।
কিন্তু এই সোলার পার্কে নিজের নাম না দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে নামটি রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন সচিবরা। কিন্তু তাতে রাজি হননি প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
সদস্যরা বলেছেন, এটা একটা আইকনিক প্রকল্প। দেশে ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র এই প্রথম। এ কারণে প্রধানমন্ত্রীর নামটা থাকা উচিত। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হননি।
বৈঠক শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, একনেক সভায় একটি প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের নাম দেওয়া হয়েছিল ‘শেখ হাসিনা সোলার পার্ক, জামালপুরের মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ’। কিন্তু প্রধানমন্ত্রী নিজের নাম না দেওয়ার জন্য বলেছেন এবং এই প্রকল্পের নাম সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর দিতে বলেছেন। নিজের নামে কিছু হোক এমনটা চান না প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সারাদেশে জরাজীর্ণ ও বেইলি সেতু ভেঙে নতুন সেতু করার নির্দেশ দিয়েছেন তিনি। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ৩২৫ দশমিক ৬৫ একর জমির উপরে গড়ে উঠবে এই সোলার পার্কটি। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৬৬০ কোটি ২৯ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ১৩৭ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ১ হাজার ১৮৮ কোটি টাকা। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
বার্তা বাজার/নব