খুলনার পর এবার বগুড়ায় কালীমূর্তি ভাঙচুর

বগুড়ার শেরপুরে চন্ডীজান গ্রামের করোতোয়া নদীর পাশে কালী মন্দিরে সনাতন ধর্মের দেবী কালীর প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সোমবার (০৯ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের চন্ডিজান গ্রামে ব্রিটিশ আমল থেকে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন কালী পূজা করে আসছিল। সোমবার রাত দুইটার দিকে দুর্বৃত্তরা মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দির ও কালীমূর্তি ভাংচুর করে এবং ভাঙ্গা মূর্তিটি রিপন কুমার দাসের বাড়ির গেটের সামনে রেখে যায়।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে রিপন ঘর থেকে বের হওয়ার সময় ভাঙ্গা মূর্তিটি দেখে চিৎকার করেন। তার চিৎকারে এলাকাবাসী মন্দিরে গিয়ে দেখে মন্দির ভাঙ্গা এবং কালী মূর্তিটি নেই। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফয়সাল মাহমুদ, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে গাড়িদহ মডেল ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন জানান, এই রকম ঘটনা এর আগে এই গ্রামে কখনো ঘটেনি।

শেরপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান, বিষয়টি সকালে জানার পর মন্দির পরিদর্শন করেছি এবং গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। চক্রান্তকারীদের সনাক্তের চেষ্টা চলছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম জানান, আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে হিন্দুরের মন্দির ও বাড়িঘরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে।

রাশেদুল হক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর