সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবীতে চাটমোহর প্রেসক্লাবের মানববন্ধন
পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার (১০ আগস্ট) সকালে থানামোড় এলাকায় চাটমোহর প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধনে স্থানীয় সাংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সৈকতের বিরুদ্ধে সম্প্রতি ডিজিটাল মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধের অপচেষ্টা ও মত প্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্থক্ষেপ। বক্তারা অবিলম্বে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরপত্তা আইন বাতিলের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, চাটমোহর প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জীত সাহা, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অনেকে।
প্রসঙ্গত, গত ৮ মার্চ বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যাক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানায় পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সাবেক এমপি আরজু এ মামলা দায়ের করেন।
মাসুদ রানা/বার্তা বাজার/এসজে