ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকাণ্ডে এবার মুখ খুলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, পুলিশ কর্মকর্তা সাকলায়েন পরীমনির কোনো মামলার দায়িত্বে ছিলেন না। এ কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কোনো সুযোগ নেই। তবে বাহিনীর শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, তার ঘটনায় পুলিশ বাহিনী বিব্রত। তাকে ডিবি থেকে বদলি করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
একজন বিসিএস ক্যাডার অফিসার এমন অনৈতিক সম্পর্কে জড়াবে এটা প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
উল্লেখ্য, গত জুনে ঢাকার সাভারের বোটক্লাবে পরীমনি নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করার পর যে মামলা হয়েছিল, সেটির তদন্তকালে তার সঙ্গে সাকলায়েনের সম্পর্কের তথ্য গণমাধ্যমে উঠে আসে। এরপর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই জেরে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয় সাকলায়েনকে।
বার্তা বাজার/নব