নিজেদের মধ্যে দলাদলি, কোন্দল বন্ধ করে যারা তরুণ যুবক তাদেরকে সামনে এগিয়ে সাহস নিয়ে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে এই আহ্বান জানান তিনি।
সোমবার (০৯ আগস্ট) এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে মির্জা ফখরুল এসম মন্তব্য করেন। বিএনপি নেতা ফজলুর রহমান পটলের পঞ্চম মৃত্যবার্ষিকী উপলক্ষে তার পরিবার এই ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করে।
তিনি বলেন, রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই। শক্তি সঞ্চয় করেই আমাদের সামনে এগুতে হবে। আর নিজেদের মধ্যে দলাদলি, কোন্দলটা বন্ধ করতে হবে। ঐক্য ছাড়া কোনো উপায় নেই। আমাদের বাম-ডান, দক্ষিণ-পশ্চিম সবাইকে একসঙ্গে করতে হবে এবং সবাইকে একসঙ্গে এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
ফখরুল বলেন, শুধু আমলা নির্ভরতার কারণেই সরকার করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং সত্যিকার অর্থেই জনগণের জীবন-জীবিকাকে বিপন্ন করে ফেলেছে।
লকডাউন নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার কখনো বলে লকডাউন, কখনো বলে সরকারি ছুটি, কখনো কঠোর লকডাউন। এটি একটা তামাশা। তাদের কাছে মানুষের জীবন-জীবিকা একটা তামাশা। এ অবস্থা জনগণ মেনে নিতে পারে না।
প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলু প্রমুখ।
বার্তা বাজার/এসজে