পুকুরে গোসল করতে গিয়ে আট বছর বয়সী এক শিশুর শ্লীলতাহানির ঘটনা ঘটে রাজশাহীর রাজপাড়া এলাকায়। এ ঘটনার অভিযোগে শ্রম অধিদপ্তরের উপপরিচালক মনিরুল আলম ওরফে বরিককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী শ্রম অধিদপ্তরের উপপরিচালক পদে কর্মরত মনিরুলকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার (৯ আগস্ট) সকালে ঐ শিশুটি পুকুরে গোসল করতে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল মনিরুল আলম। মেয়েটি সাঁতার কাটতে গেলে মনিরুল পানির মধ্যে তার শ্লীলতাহানি করে।
আট বছর বয়সী শিশুটি বাড়ি গিয়ে ঘটনাটি তার মাকে বললে প্রতিবাদ জানাতে মনিরুলের বাসায় যান। সেখানে বাকবিতণ্ডা হলে এলাকার মানুষ বিষয়টি জানতে পারে এবং মনিরুলের বাসা ঘিরে রেখে পুলিশে খবর দেয়। পরে রাজপাড়া থানা পুলিশ গিয়ে মনিরুলকে হেফাজতে নেয়।
ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেলে ওই শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। সন্ধ্যায় ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মনিরুল আলমকে আদালতে পাঠানো হয়েছে।’
বার্তা বাজার/এসবি