ফরিদপুরে জলাধারে আটকে পড়া সেই কুমির ধরা পড়েছে

জলাধার থেকে আটক হওয়া কুমির। ছবি: বার্তা বাজার

ফরিদপুরে একটি জলাধারে আটকে পড়া সেই কুমিরটি স্থানীয় এলাকাবাসীর কাছেই ধরা পড়েছে। সোমবার (৯ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৩৮ দাগ এলাকায় জলিল মোল্লার ডাঙ্গী গ্রামের বাসিন্দারা কুমিরটিকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, বৃষ্টি হওয়ায় কুমিরটি জলাধার থেকে পাড়ে উঠে আসে। ওই সময় বিষয়টি টের পেয়ে এলাকাবাসী জাল দিয়ে কুমিরটিকে আটকে ফেলেন।

এদিকে কুমিরটি সংরক্ষণের জন্য বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পালকে জানানো হয়। কুমিরটি তাদের হেফাজতে নেওয়ার জন্য ফরিদপুরের উদ্দেশে তারা রওনা দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই সকালে ওই জলাধারে হজরত মিয়া (৩৫) নামে এক ব্যক্তি কুমিরটি দেখতে পান। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কুমিরটি উদ্ধারে বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ দুই দফা অভিযান পরিচালনা করেন।

কিন্তু প্রথম দফায় জাল ছোট থাকায় এবং দ্বিতীয়বার কুমিরটি জালে আটকা পড়লেও জাল ছিঁড়ে বের হওয়ায় সেটি আর ধরা সম্ভব হয়নি। পরবর্তীতে ওই জলাধারে যাতে কেউ না নামেন সে ব্যাপারে মাইকিং ও সচেতনতামূলক সাইনবোর্ড টানিয়ে সতর্ক করা হয়।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *