হবিগঞ্জ জেলার বাহুবলে এবার রবি কালিন্দী (৫৪) নামের এক চা শ্রমিককে দুই ডোজ টিকা দেয়া হয়েছে।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালেই ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বিকেল সাড়ে ৫টার দিকে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বৃন্দাবন চা বাগানের বাসিন্দা রবি কালিন্দী।
রবি কালিন্দী উপজেলার পুটিজুরী ইউনিয়নের অন্তর্গত বৃন্দাবন চা বাগানের বাসিন্দা। তিনি জানান, টিকা নিতে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যান তিনি। রবি কালিন্দীর নামে করা রেজিস্ট্রেশন ফরমটি অনলাইনে যাচাই করার পর টিকাদানকর্মীদের সামনের চেয়ারে তাকে বসতে বলা হয়।
রবি কালিন্দীর বাম হাতে প্রথমে একটি টিকা দেয়া হয়।ওই চা শ্রমিক টিকা নেয়ার পরও চেয়ারটিতে বসেছিলেন। সে সময় বিপরীত দিকে ঘুরে টিকা ভর্তি আরেকটি সিরিঞ্জ তার ডান হাতে পুশ করেন টিকাদানকর্মী। লাইনে দাঁড়ানো টিকানিতে আসা ব্যক্তিরা বিষয়টি অবগত করলে সঙ্গে সঙ্গে চা শ্রমিককে পর্যবেক্ষণে নেয়া হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ বলেন, ‘সোমবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড় ছিল। এ সময় গলদঘর্ম টিকাদাতা স্বাস্থ্যকর্মী ও টিকাগ্রহীতার ভুল বুঝাবুঝি এবং অসাবধানতার কারণে এক মিনিটে দুই ডোজ টিকাদানের ঘটনা ঘটেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে টিকাগ্রহীতা ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে নেয়া হয়েছে।’
স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ আরও বলেন, ‘ছয় ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তার শারীরিক কোনো সমস্যা দেখা না দিলে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর নেয়া হবে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’