সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বিষাক্ত অ্যালকোহল (মদ) পান করে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একইসাথে সাবেক ইউপি সদস্যসহ ২ জন গুরুতর অসুস্থ হয়েছে। সদর থানা পুলিশ একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। সোমবার (৯ আগষ্ট) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল ওয়াহাব (৩২), সিকিম আলীর ছেলে মো. আব্দুল (৪৫) এবং সড়াইচন্ডি নতুনপাড়া গ্রামের কালু সেখের ছেলে তাহের সেখ (৪৮)। এদিকে অসুস্থ সাবেক ইউপি সদস্য বাবু সেখ ও হযরত আলী সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সেখ বলেন, রোববার (০৮ আগস্ট) গভীর রাতে স্থানীয় ব্রহ্মখোলা ব্রীজের পাশে তারা বিষাক্ত অ্যালকোহল পান করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে ভোরে ৩ জন মারা যায়। আর ইউপি সদস্যসহ ২ জন চিকিৎসাধীন রয়েছে।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজনের মধ্যে দু’জনের মরদেহ দাফন সম্পন্ন করেছে স্থানীয়রা। আর অপর একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এম এ মালেক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর