খুলনা বিভাগে করোনায় আরও ২৪ মৃত্যু, শনাক্ত লাখ ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯১১ জনের। এর ফলে খুলনা বিভাগে শনাক্ত ১ লাখ ছাড়িয়েছে।

এর আগে গতকাল রোববার (৮ আগস্ট) এ বিভাগে করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ৬১২ জনের।

সোমবার (৯ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় ২৪ জন মারা যান। এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১০ জন মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় যশোরে পাঁচজন, খুলনায় তিনজন, বাগেরহাটে দুইজন, ঝিনাইদহে দুইজন, সাতক্ষীরায় একজন ও চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ১ লাখ ৪০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৬৮১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৫৫২ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর