তথ্যমন্ত্রী কানেও কম শুনেন, চোখেও কম দেখেন: রিজভী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তথ্যমন্ত্রী কানেও কম শুনেন এবং চোখেও কম দেখেন। তারা মিথ্যার ওপর দাঁড়িয়ে জাতিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন।

তিনি বলেন, বলা হচ্ছে সারাদেশে গণটিকা কর্মসূচি চলছে। কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে দীর্ঘ লাইনেও করোনার টিকা মিলছে না। আসলে ক্ষমতার মোহে আচ্ছন্ন আওয়ামী সরকার কোনো সময়ই ন্যায়-নীতির তোয়াক্কা করেনি।

সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগর বিএনপির কোভিড-১৯ হেল্প সেন্টার থেকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী। তিনি এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

সম্প্রতি তথ্যমন্ত্রীর এক মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, আমরা বলেছিলাম যে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন নেব না। কারণ ন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলেছে ওই টিকা ট্রায়াল বেসিসে বাংলাদেশে পাঠিয়েছে। সেজন্যই মানুষের মনে আরও সন্দেহ বেড়েছিল। ফলে আমি করোনার ঝুঁকি নিয়েও ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন নিইনি। সেই মার্চের দিকে যে বক্তব্য দিয়েছিলাম কিন্তু তথ্যমন্ত্রী ও অন্যরা আমাদের বক্তব্য ভালোভাবে শোনেননি। কারণ তিনি চোখেও কম দেখেন, কানেও কম শোনেন।

তিনি বলেন, তথ্যমন্ত্রী মিথ্যা তথ্যের ওপর দাঁড়িয়ে মিথ্যা বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। অথচ আমি যেটা বলেছিলাম ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার ভ্যাকসিন নেব না এবং নিইনি। ফলে ওই টিকা না নিয়েই আমাকে চারমাস কোভিডে ভুগতে হয়েছে। এখন আমি মডার্নার ভ্যাকসিন নিয়েছি। কারণ সেটা যুক্তরাষ্ট্রের তৈরি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ সরকার শুধু লোপাট করেছে। এজন্য ঢাকাসহ গ্রামে-গঞ্জে মানুষ করোনার চিকিৎসা পাচ্ছে না। হাসপাতালে কোনো চিকিৎসা পাচ্ছেন না, অক্সিজেন পাচ্ছেন না। এসবের মূল কারণ হচ্ছে সরকারের একটি সিন্ডিকেট স্বাস্থ্যখাতের টাকা লোপাট করেছে।

রিজভী বলেন, প্রকৃতপক্ষে মানুষকে টিকা দিতে না পেরে বিরোধী দলকে দোষারোপ করে সরকার পার পেতে চাচ্ছে। সরকারের দুর্নীতি, লুটপাট, অনিয়ম ঢাকতেই হাছান মাহমুদ সাহেবরা এসব কথা বলছেন। তাদের কথার মধ্যে দিয়েই এটা প্রমাণিত হয়।

তিনি বলেন, দেশব্যাপী গণটিকার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা তারা পারেননি। তারা আমলা নির্ভর হয়ে পড়েছেন। সেজন্য করোনার সহযোগিতা দরিদ্র জনগোষ্ঠী পাচ্ছেন না।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর