আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ করোনাভাইরাস প্রতিরোধী টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৫ আগস্টের মধ্যে কোভ্যাক্স থেকে ৩৪ লাখ টিকা এবং চায়না থেকে ক্রয়কৃত ১০ লাখ টিকা ও তারা আরও ১০ লাখ টিকা উপহার হিসেবে দেবে আমাদের। সব মিলিয়ে ১৫ তারিখের মধ্যে ৫৪ লাখ টিকা পাবো আমরা। এতো আমাদের টিকার কার্যক্রমটি যে গতিতে চলছিলে, সেটি অব্যাহত রাখতে পারব।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা ছিল প্রতিটা ইউনিয়নে ৬০০ করে টিকা দেয়ার, কিন্তু আমরা দেখলাম তার চেয়ে বেশি মানুষ হাজির। আমাদের যেসব সেন্টারে টিকা বেশি ছিল তারা বেশি দিয়েও দিয়েছে।
তিনি বলেন, ঝড় বৃষ্টির কারণে যারা করোনার টিকা পায়নি, তাদের পরের দিন দেয়া হয়েছে। দুর্গম এলাকায়ও দেয়া হয়েছে। একটি বিষয় লক্ষ্যণীয় গ্রামে যেখানে টিকা প্রাপ্তির সংখ্যা কম ছিল। বয়স্করা কম পেয়েছিল, অনেকের অনীহা ছিল। সেই অনীহা কেটে গেছে। এখন পর্যন্ত গণটিকা কার্যক্রমের আওতায় ৩০ লাখের বেশি টিকা দেয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চীন থেকে আরও ৬ কোটি টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। ক্রয় কমিটিতেও পাস হবে। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে ৩৪, চীন থেকে কেনা ১০ ও উপহার ১০ লাখ টিকা। এছাড়াও ভারতের বাকি টিকাও পাবো বলে আশা করছি।
উল্লেখ্য, দেশে ৭ আগস্ট থেকে চলছে গণ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দেশে ৩০ লাখের বেশি মানুষ টিকা পেয়েছেন।
বার্তা বাজার/নব