রাবি অধ্যাপকের নামে থানায় অভিযোগ দিলেন এমপি শিমুল

দায়েরকৃত অভিযোগ পত্র। ছবি- বার্তা বাজার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)’র বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সুজিত সরকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল। সোমবার (৮ আগস্ট) রাত ১১ টার দিকে বোয়ালিয়া মডেল থানার ওসির কাছে অভিযোগটি দাখিল করেন সাংসদ।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, সাংসদ বোয়ালিয়া থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ জমা দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগটি যাচাই-বাছাই করার প্রয়োজন আছে। আমরা আলামত সংগ্রহ করেছি। তদন্ত করার পর অভিযোগের সত্যতা পেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে বলে জানান তিনি।

অভিযোগপত্রের বরাত দিয়ে ওসি জানান, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার অভিযোগে উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. সুজিত সরকার অনলাইন আইপি টিভিতে তাকে সন্ত্রাসী, তার কোনো রাজনৈতিক সংস্কৃতি নেই ইত্যাদি বলে সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করে অপরাধ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করে মানহানি করেছেন।

এমপি শিমুল তার অভিযোগে আরও উল্লেখ করেন, তার নামে মিথ্যা অভিযোগ করায় তার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান নাটোর সদর আসনের সংসদ সদস্য।

সাংসদ শফিকুল ইসলাম শিমুল জানান, ড. সুজিত সরকার তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানহানি করেছেন। এজন্য বাংলাদেশের নাগরিক হিসেবে আইনের আশ্রয় নিয়েছেন। এছাড়াও নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ- বইয়ে তার বাবার নামে মিথ্যা তথ্য দেয়ায় নাটোর আদালতে মামলা করবেন।

গত ২৯ জুলাই প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাংসদ শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জিডি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সুজিত সরকার।

জিডিতে অধ্যাপক সুজিত কুমার উল্লেখ করেছিলেন, তিনি ২০০৯ সালে ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামক একটি গ্রন্থ প্রকাশ করেন। যার প্রথম ও দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২০১০ ও ২০২১ সালে। বইয়ের ৬০০ নম্বর পাতায় ২১ নম্বর রাজাকার তালিকায় নাটোর-২ এর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা ‘হাসান আলী সরদার’ এর নাম প্রকাশ করা হয়েছে। এর প্রেক্ষিতে এমপি শিমুলের পক্ষে অবস্থান নিয়ে অপরিচিত অনেকেই তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

তবে নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে হুমকির অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় অধ্যাপক সুজিত সরকারের করা সাধারণ ডায়েরি (জিডি) খারিজ করে দেয় রাজশাহী বোয়ালিয়া মডেল পুলিশ থানা।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *