নানা আলোচনা ও পর্যালোচনা শেষে গর্ভবতী ও মাতৃদুগ্ধদানকারী নারীদের করোনার ভ্যাকসিন দেওয়ারসিদ্ধান্ত গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে চলমান পরিস্থিতিতে এ ধরণের নারীদের মধ্যে করোনার ঝুঁকিব্রিদ্ধি পাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
রোববার(০৮ আগস্ট) করোনার টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শক্রমে তাদের করোনার টিকাদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, সারা বিশ্বের মতো বাংলাদেশেও কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়েছে। সবার মতো গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের মধ্যেও কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়েছে। বিষয়টি বিবেচনা করে টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের কোভিড- ১৯ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ ক্ষেত্রে গর্ভবতী নারীদের সুরক্ষা ওয়েব পোর্টাল বা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে শুধু হাসপাতালবিশিষ্ট সরকারি টিকাকেন্দ্রে কোভিড-১৯ টিকা দিতে হবে। টিকাকেন্দ্রের রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক কাউন্সেলিং সম্পন্ন সাপেক্ষে গর্ভবতী নারীকে টিকা দিতে হবে।
জারিকৃত নির্দেশনায় বলা হয়, গর্ভবতী নারী টিকা নেওয়ার দিন অসুস্থ থাকলে তাকে কোডিড-১৯ টিকা দেওয়া যাবে না। অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত গর্ভবতী নারীকে কোডিড-১৯ টিকা দেওয়া যাবে না। কোনো গর্ভবতী নারীর ভ্যাকসিন অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে তাকে কোডিড-১৯ টিকা দেওয়া যাবে না। কোনো গর্ভবতী নারী যদি কোডিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ নেওয়ার পর এইএফআই কেস হিসেবে শনাক্ত হন তবে তাকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না।
বার্তা বাজার/এসজে