রাজশাহীতে শেষের পথে টিকা, ক্যাম্পেইন স্থগিত

করোনা সংক্রমণ প্রতিরোধে গণটিকা কার্যক্রম গতিশীল করার উদ্দেশে সারাদেশে যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। রাজশাহী নগরীতে এ ক্যাম্পেইনের টিকা শেষের পথে। এ কারণে নগরীর ওয়ার্ড পর্যায়ের টিকা ক্যাম্পেইন স্থগিত ঘোষণা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

রাসিকের গণসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, রাজশাহী নগরীর ৮৪টি কেন্দ্রে ছয়দিন ক্যাম্পেইন চালাতে মডার্নার ৮২ হাজার ডোজ টিকা পেয়েছিল রাজশাহী সিটি করপোরেশন। প্রথম দিনই ৩৪ হাজার ২৪৯ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। রোববারও ৪২ হাজার ৬২৪ মানুষ টিকা নিয়েছেন। দুইদিনে ৭৬ হাজার ৮৭৩ ডোজ টিকা প্রদান করা হয়েছে। টিকার মজুদ কম থাকায় আপাতত ওয়ার্ড পর্যায়ের টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকবে।

রাসিকের গণসংযোগ কর্মকর্তা মো. মাহফুজ মিশু বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম বলেন, দুই দিন ক্যাম্পেইন চালানোর পর আমাদের হাতে আর যে অবশিষ্ট টিকা আছে তা দিয়ে ৮৪ কেন্দ্রে একদিন ক্যাম্পেইন করা সম্ভব নয়। তাই ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। আবার টিকা পেলে আবার ক্যাম্পেইন শুরু হবে।

এদিকে, রাজশাহী নগরীর চারটি স্থায়ী কেন্দ্রে আগের মতোই টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।#

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর