ব্যারিস্টার সুমনকে অব্যাহতি: কেন্দ্রীয় যুবলীগকে ধন্যবাদ জানালেন মাদারীপুর যুবলীগ
জয় বাংলা স্লোগান নিয়ে কটুক্তি করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ জন্য যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে সংবাদ সম্মেলন করেছেন মাদারীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান।
রোববার (৮ আগস্ট) দুপুরে মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্টের বিচারপতি নাজমুল আহসান ও কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জয় বাংলা শ্লোগানকে বাংলাদেশের জাতীয় শ্লোগান হিসেবে স্বীকৃতি প্রদান করেন। আর সেই শ্লোগান নিয়ে ব্যারিষ্টার সুমন কটুক্তি করছেন। আমার মনে হয় তিনি বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগানকেই বেশী পছন্দ করেন।
ফেসবুকে দুটো ষ্ট্যাটাস দিয়ে দলীয় পদ পেয়েছিলেন সুমন। জীবনে একদিন কোথাও শ্লোগান দেননি, রাজপথে আন্দোলন সংগ্রাম করেননি, জেল খাটেননি। যারা ফেসবুকের মাধ্যমে নেতা হয়, তাদের আবার সেই ভাবেই পতন হয়। সুমন রাজাকার পরিবারের সন্তান বিধায়, জয় বাংলা শ্লোগান নিয়ে কটুক্তি করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাকিব জাহান সুজন জমাদ্দার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আমিন খান, মাদারীপুর সদর উপজেলা যুবলীগের আশিকুর রহমান মাসুম, পৌর যুবলীগের নয়ন খান প্রমুখ।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/এসবি