হোসেনপুরে রাস্তার বেহাল অবস্থার পরিবর্তন ঘটেনি ৩৫ বছরেও

কিশোরগঞ্জের হোসেনপুরে আড়াইবাড়ীয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল অবস্থার পরিবর্তন ঘটেনি ৩৫ বছরেও। সামান্য বৃষ্টি হলেই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি৷ তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

সরেজমিনে গতকাল রোববার (৮ আগষ্ট) উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মালির দোকান থেকে ইন্তাজ আলীর বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটারের রাস্তাটি প্রায় ৩৫ বছর আগে করা হয়েছিল। রাস্তাটি একদম কাঁচা। এর বেশির ভাগ অংশই হাঁটু কাদা আর গর্তে ভরপুর। বৃষ্টি এলে তো কথাই নেই! দীর্ঘ ৩৫ বছরে এখনও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি রাস্তাটিতে।

নিরাহারগাতী গ্রামের কলেজ পড়ুয়া রিকসন মিয়া বলেন, খুব কষ্ট করেই ছোট বেলা থেকে প্রতিদিন স্কুল/কলেজে যেতে হয়। সাইকেল নিয়েও যাওয়া যায় না। দেশ ডিজিটাল হলেও আমাদের গ্রামের এ রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনো।

কৃষক শহীদ মিয়া বলেন, বৃষ্টি এলে রাস্তার অবস্থা একদমই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উৎপাদিত শস্য নিয়ে বাজারে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, রাস্তাটি নিয়ে ইউনিয়ন পরিষদের সভায় বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে গুরুত্বপূর্ণ জায়গায় বালু,সুরকি ফেলা হয়েছে। তবে আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুর্শিদ উদ্দিন জানান, জনগনের ভোগান্তি কমাতে রাস্তাটি মেরামত করা জরুরি। অনেক আগেই এ রাস্তটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তরের একজন উপ সহকারী প্রকৌশলীকে নিয়ে মেজারমেন্ট তৈরি করে উপজেলা মাসিক সভায় প্রস্তাব রাখা হয়।

এ ব্যাপারে উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হক বলেন, এ গ্রামীন রাস্তাটি সংস্কারে ব্যাপারে আইডিভুক্ত করার চেষ্ট চলছে। খুব দ্রুত সময়ের মধ্যেই বাস্তাবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এস,এম,তারেক নেওয়াজ/বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর