করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১২ জনের।
এর আগে গতকাল শনিবার (৭ আগস্ট) এ বিভাগে করোনায় ৩৯ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ৪২৮ জনের।
রোববার (৮ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত করোনায় ২৮ জন মারা যান। এর মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ১২ জন করে মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় যশোরে সাতজন, খুলনায় দুইজন, চুয়াডাঙ্গায় দুইজন, ঝিনাইদহে দুইজন, বাগেরহাটে একজন, মাগুরায় একজন ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত এ বিভাগে ৯৯ হাজার ৪৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৬৫৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৩৫৯ জন।
বার্তা বাজার/নব