বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সরকার পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণতামাশা শুরু করেছে। রবিবার (৮ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
বক্তৃতাকালে তিনি আরও বলেন, চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণের কারনে এই লোক দেখানো গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে। শনিবার সারাদেশে এই গণটিকার নামে একটি গণতামাশা শুরু হয়েছে। সরকারের হাতে টিকা এসেছে ১ কোটি ৬০ লাখ। অথচ শতকরা ৭০ ভাগ মানুষকে টিকা দিতে হলে প্রয়োজন হবে ২৬ কোটি টিকা।
সরকারের প্রতিটি টিকাদানের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
মির্জা ফখরুল আরও বলেন, করোনা টিকাদানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন হওয়া সত্ত্বেও সরকারের মন্ত্রী ও বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত ঘোষণা করে জনগণকে চরম বিভ্রান্তি ও হতাশার কবলে ফেলায় নিন্দা জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পরস্পর বিরোধী বক্তব্য প্রদান ও পরে প্রত্যাহার সরকারের সমন্বয়হীনতা ও দায়িত্বহীনতার পরিচয় বহন করে।
বার্তা বাজার/এম