বনানীতে ট্রাক দুর্ঘটনা, চালক ও হেল্পার হাসপাতালে
রাজধানীর বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাক উলটে ট্রাকচালক ও হেল্পার দুজনেই আহত হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৮ আগস্ট) বনানী সেতু ভবনের উল্টোপাশে সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বনানী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণে এটি উল্টে যায়। এতে বনানী-মহাখালী সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ট্রাকে থাকা চালের বস্তাগুলো অন্য গাড়িতে ওঠানোর কাজ চলছে। চালের বস্তা অন্য গাড়িতে ওঠানোর কাজ শেষ হলে ট্রাকটি রেকারে করে সরিয়ে ফেলা হবে।
এদিকে রাজধানীর ব্যস্ততম এ সড়কটিতে চালবোঝাই ট্রাক উল্টে যাওয়ায় যানবাহনের জটলা তৈরি হয়েছে। কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে সড়কটি ব্যবহারকারীদের।
বার্তা বাজার/এম