মঙ্গলবার মেসিকে দেখা যেতে পারে পিএসজিতে

‘২০০০ সালে একসঙ্গে আমরা বার্সেলোনায় এসেছিলাম। এরপর প্রায় ২০ বছর কী অবিশ্বাস্য কাটল। দ্বিতীয় দফায় যখন আমি বার্সায় ফিরলাম, ট্রেবল জিতলাম একসঙ্গে। তুমি ইতিহাসের সেরা হয়ে উঠলে। আমরা যে যে মায়ের ঘরে জন্মেছিলাম, তখনই যদি ভবিষ্যৎ পরিকল্পনাটা করে ফেলার সুযোগ থাকত, নিশ্চিত এর চেয়ে ভালো কিছু কেউ ভাবতে পারত না। এতগুলো বছর পরে সেই তুমি বার্সার জার্সি আর গায়ে জড়াবে না, সত্যি বাস্তবতা কখনো কখনো খুবই কঠিন’— মেসির বিদায় নিয়ে ইন্সটাগ্রামে এমনভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন জেরার্ড পিকে।

২০ বছর ধরে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন বার্সেলোনার সঙ্গে। বার্সেলোনা শহরটির সঙ্গেও অতি পুরোন সম্পর্কের ইতি ঘটল। যদিও মেসির ফিরে আসার ব্যাপারে আশা ব্যক্ত করে পিকে লিখেছেন, ‘অনেক কিছু করার এখনো বাকি আছে। তত দিন যেখানেই থাকো সময়টা উপভোগ করো।’ এখন পর্যন্ত প্যারিসেই সেটি হতে পারে বলে সবাই ধারণা করছেন।

লে’কিপ জানায়, তিন বছরের চুক্তি হতে যাচ্ছে মেসির সঙ্গে প্যারিস সেন্ত জার্মেইয়ের। তাতে শেষ বছরটা ঐচ্ছিক। বছরে বেতন পাবেন তিনি ৪০ মিলিয়ন ইউরো। রেকর্ড দামে পিএসজিতে নাম লেখানো নেইমারের বেতনের চেয়ে যা পাঁচ মিলিয়ন ইউরো বেশি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো মুখ খুলছে না। পরশু রাতে কাতারের আমির, যিনি পিএসজির মালিক, তাঁর ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল-থানি টুইট করেন যে পিএসজির সঙ্গে আর্জেন্টাইন তারকার কথাবার্তা চূড়ান্ত। খুব শিগগিরই ঘোষণা আসছে। পরে অবশ্য ক্লাবের গণসংযোগ অফিস থেকে এমন তথ্য অস্বীকার করা হয়েছে। তবে সেটিও আসলে মেসির পিএসজির জার্সি পরতে যাওয়ার গুঞ্জন থামাতে পারছে না একেবারে। খবর, আজই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মঙ্গলবার (১০ আগস্ট) মেসিকেই দেখা যেতে পারে পিএসজিতে। আর্জেন্টাইন তারকা অবশ্য আজ ক্যাম্প ন্যুতে সংবাদ সম্মেলন করবেন। সেটি বিদায়ি সংবাদ সম্মেলন নাকি আরো কোনো চমক বাকি আছে কে জানে!

বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর