ডেঙ্গু জ্বরে আক্রান্ত টঙ্গীর সাকিব (১০) অবশেষে ঘরে ফিরেছে। শনিবার (৭ আগস্ট) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে (মিটফোর্ড) চিকিৎসা শেষে সে বাড়ি ফেরে। তবে এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেন তাঁর মা খাদিজা বেগম। চিকিৎসার জন্য তিনি মিটফোর্ড হাসপাতালে ভর্তি।
সোমবার (২ আগস্ট) রাজধানীর সোমবার (২ আগস্ট) রাজধানীর তিনটি সরকারি হাসপাতাল ঘুরেও ডেঙ্গু আক্রান্ত ১০ বছরের ছেলে সাকিবকে ভর্তি করাতে পারেননি বাবা হারুনুর রশীদ। ৪র্থ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চালককে আকুতি জানিয়েছিলেন। দাবিমত ভাড়া দিতে না পারায় চালক রাজি হচ্ছিলেন না, এক পর্যায়ে কান্নায় ভেঙ্গে পড়েন সাকিবের বাবা। পরে ৯৯৯-এ ফোন করে তাদের সহায়তায় ছেলেকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করতে সমর্থ হন তিনি।
এ নিয়ে একটি প্রতিবেদন ভাইরাল হলে সাকিবের চিকিৎসা ও পরিবারের দায়িত্ব নেন মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
পুরান ঢাকার নাজিরা বাজারে প্রয়াত মেয়র হানিফের বাসভবনে সাকিবের মা-বাব, ছোট বোন ও নানিকে থাকার ব্যবস্থা করে দেন সাঈদ খোকন। এই ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে থেকেছেন।
মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ সাদেক মিঠু এক সাক্ষাৎকারে বলেন, আজ দুপুরে হাসপাতাল থেকে রিলিজ পেয়ে রিকশাযোগে নাজিরা বাজারের বাসায় যায় সাকিব। বিকেলে তারা টঙ্গিতে রওনা হয়। তবে সাকিব হাসপাতালে থাকা অবস্থায় গতকাল শুক্রবার (৬ আগস্ট) চিকিৎসার জন্য মিডফোর্ডে ভর্তি হন তার মা। সাকিব তার চিকিৎসাধীন মার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
তিনি আরও বলেন, সাকিবের বাবা হারুনুর রশীদ গাজীপুরের টঙ্গীর একটি ইলেকট্রিক দোকানের কর্মচারী। করোনার কারণে দোকান বন্ধ থাকায় আয়-রোজগার ছিল না। পরিবার পরিচিতজনদের কাছ থেকে ঋণ করে ঢাকায় আসেন। পরে তার পাসে দাঁড়ান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। এখন সাকিবের মার চিকিৎসার দায়িত্বও নিয়েছেন তিনি। এতে সাকিবের পরিবারের সবাই সাঈদ খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তা বাজার/এম