গ্রামাঞ্চলে টিকায় আগ্রহ বাড়া করোনা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে

প্রথম পর্যায়ে গ্রামাঞ্চলে টিকা নেওয়ার ব্যাপারে জনসাধারণের মাঝে ভয়ভীতি, অনাগ্রহ ও উদাসীনতা কিংবা অনীহা থাকলেও এখন টিকা পাওয়া না পাওয়া নিয়ে অনেকের মাঝে উৎকন্ঠা দেখা মিলছে, অনেকে আবার তড়িঘড়ি শুরু করেছে দ্রুত টিকার আওতায় আসতে।

প্রথম পর্যায়ে বিস্তর সচেতনতার অভাব, টিকা নিয়ে গ্রামাঞ্চলে গুজব কিংবা অপপ্রচার , অনেকের মনে করোনা টিকা গ্রহণ সম্বন্ধে বিরূপ ধারণা, কিংবা উদাসীনতার ফলে স্বাস্থ্যবিধি পরিপালনের ন্যায় টিকার প্রতিও বিমুখ ছিল গ্রামাঞ্চলের মানুষ। এক্ষেত্রে টিকার নিবন্ধন প্রক্রিয়ার জটিলতাও অনেকটা দায়ী ছিল।

দেশে টিকা প্রদান কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই অনলাইনে আবেদনের মাধ্যমে টিকা গ্রহণ প্রক্রিয়া চালু করে স্বাস্থ্য বিভাগ, প্রথম দিকে সম্মুখ সারীর ও চল্লিশোর্ধ্ব সকলকে টিকার আওতায় আনা হলেও পরবর্তীতে এখন তা ধাপে ধাপে পঁচিশে নিয়ে এসেছে নীতিনির্ধারকেরা।

এক্ষেত্রে গ্রামাঞ্চলের অনেকের মাঝে প্রযুক্তিগত জ্ঞান ও স্মার্টফোন না থাকা, অনলাইনে টিকার নিবন্ধন প্রক্রিয়া সহজতর না হওয়া, আর টিকা কেন্দ্র প্রত্যন্ত অঞ্চলের মানুষের নাগালে না থাকায় টিকার প্রতি বিমুখ ছিলো অনেকেই। কিছু কিছু ক্ষেত্রে অনেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেও টিকা গ্রহণের ক্ষুদে বার্তা পেয়েও উদাসীনতার কারণে টিকা নিতে আগ্রহ দেখায়নি বিন্দুমাত্র।

কোনো কোনো জেলায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাদ্দকৃত দেওয়া টিকা জনসাধারণ গ্রহণ না করায় তা মেয়াদোত্তীর্ণ হওয়ার আশংকায় ফের ফেরত পাঠানোর খবরও গণমাধ্যমে দেখা গিয়েছে। তবে এবার সরকারের গৃহীত পদক্ষেপ ও ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে গণটিকা প্রদান কর্মসূচীতে দেখা মিলেছে ব্যাতিক্রম চিত্র।

গত শনিবার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে শুরু হয় গণটিকা প্রদান কার্যক্রম। এতে একযোগে দেশের প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড সমূহে চালু হয় গণটিকাদান কর্মসূচি।

প্রথম পর্যায়ে এই কর্মসূচিতে ১৮ বছরের উর্ধে দেশের সকল নাগরিককে ভোটার আইডি কার্ড প্রদর্শন শর্তে টিকা প্রদান করার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে সেটি আর হয়ে উঠেনি। পরবর্তীতে ইউনিয়ন পর্যায়েও ২৫ বছরের উর্ধে সকলকেই টিকার আওতায় আনার কার্যক্রম পরিচালনা শুরু হয়।

এদিন প্রত্যেকটি অঞ্চলে স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন বয়সের সকল শ্রেণি-পেশার মানুষকে অনেকটা উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে টিকা কেন্দ্রে হাজির হতে দেখা গিয়েছে। কোনো কোনো এলাকায় এদিন বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই টিকার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গিয়েছে টিকা প্রত্যাশিদের।

শুধু তাই নয় এদিন নির্ধারিত সময় আর নির্ধারিত টিকা শেষ হয়ে যাওয়ার পর লাইনে দাঁড়িয়েও টিকা না পাওয়া ব্যক্তিদের মাঝে হতাশা আর ক্ষোভ ছিল চোখে পড়ার মতো। অনেকের মাঝে আবার দেখা দিয়েছে টিকা পাওয়া না পাওয়া নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠা।

এদিন টিকা না পেয়ে ফুঁসে ওঠে অনেকেই এই কার্যক্রমে প্রতিটি কেন্দ্রে টিকার পরিমাণ আরও বৃদ্ধি করারও দাবি জানিয়েছেন।

প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে টিকার প্রতি জন্মানো আগ্রহটি অবশ্যই সরকার আর করোনা নিয়ন্ত্রণে শুরু থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসা স্বাস্থ্য অধিদপ্তরের জন্য একটি শুভ বার্তা বয়ে এনেছে। কেননা করোনার শুরু থেকেই গ্রামাঞ্চলে স্বাস্থ্যবিধি ছিল অনেকটাই উপেক্ষিত। শত চেষ্টা করেও এসব অঞ্চলের মানুষদের স্বাস্থ্যবিধি মানাতে আর সচেতনতা বৃদ্ধি করতে বেশ বেগ পেতে হয়েছিল প্রশাসনকে।

গ্রামের বেশির ভাগ মানুষই করোনার উর্ধগতির মাঝেও সুযোগ পেলে চায়ের দোকানে আগের মতো জমিয়ে আড্ডা, মুখে মাস্ক ব্যবহার না করেও হাটবাজারে হরহামেশা ঘোরাঘুরিতে মেতে থাকতেন। উঠতি বয়সী তরুণদের মধ্যেও স্বাস্থ্যবিধি না মেনে অহেতুক রাস্তাঘাটে ঘোরাঘুরি করার প্রবণতা লক্ষনীয় ছিল।

অনুরূপ ভাবে বয়স্কদের মাঝেও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে উদাসীনতা দেখা গিয়েছে। অর্থাৎ সারাদেশকে করোনা রীতিমতো কম্পিত করে চললেও গ্রামগঞ্জের মানুষের জীবন-যাপন প্রক্রিয়া অনেকটা স্বাভাবিক নিয়মেই পরিচালিত হয়েছে।

করোনাকে ঘিরে সরকারের আরোপিত নিষেধাজ্ঞাকে অনেকটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নিজেদের জীবনধারার গতি নিজেদের মতো করেই নিয়ন্ত্রণ করেছেন তারা, ফলে করোনার অনিয়ন্ত্রিত গতি গুটিয়ে দিয়েছে সর্বস্তরের জীবন-যাত্রার গতিপথ। দেশে প্রথম দিকে করোনায় সংক্রমণ সনাক্তের হার ১৩ শতাংশের বেশি না থাকলেও এই পর্যায়ে করোনার তৃতীয় ঢেউয়ে তা ঠেকেছে ৩০ শতাংশ পর্যন্ত।

এমতাবস্থায় দেশের প্রত্যেকটি মানুষকে টিকার আওতায় আনা বাঞ্ছনীয়। বর্তমানে নগর কিংবা শহর ছাপিয়ে গ্রামাঞ্চলে যেই হারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে তাতে করে দ্রুত সময়ে গ্রামের সর্বস্তরের মানুষকে টিকার আওতায় আনার সিদ্ধান্তটি অবশ্যই প্রশংসনীয়। কেননা টিকা নিশ্চিত করা না গেলে কোনোভাবেই মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব হবে না- সংক্রমণের প্রবণতাও সেটাই বলছে।

শুরুতে প্রাণঘাতী করোনা দেশে অনেকটাই রাজধানী ঢাকাসহ বড় বড় শহরকেন্দ্রীক থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে এর ধরণ পুরোই বদলে গেছে। বিশেষ করে ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমিত হওয়ার পর সীমান্ত এলাকার জেলাগুলোতে করোনার দ্রুত এবং ব্যাপক বিস্তরণ ঘটে।

এরকম পরিস্থিতিতে গ্রামে সরকারের টিকাদান পরিকল্পনা নিঃসন্দেহে সবাইকে আশ্বস্ত করবে। তবে আশার কথা হলো করোনার ব্যাপক বিস্তরণের ফলে গ্রামাঞ্চলের সবচেয়ে অবিশ্বাসী মানুষটিও বুঝতে পেরেছে টিকা না নেওয়ার বিকল্প কিছু নেই।

এখন অনেকেই আক্ষেপ করে ‘আগে টিকা না নিয়ে ভুল করেছে এমন ধারণা পোষণ করছে। টিকার জন্য মানুষ এখন ধৈর্য্যহারা হয়ে পড়েছেন। প্রতিটা মানুষই চাচ্ছে যে কত তাড়াতাড়ি টিকাটা নেয়া যাবে। একদিনের দেরিও সহ্য করতে চাচ্ছে না কেউই। টিকা শেষ হয়ে যায় কিনা সেই সন্দেহও কাজ করছে অনেকের মাঝে।’

এক্ষেত্রে অবশ্য সাম্প্রতিক সময়ে ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের বেশি বয়সের কোনো মানুষ মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যটিও বেশ সুফল বয়ে এনেছে। মন্ত্রীর এরূপ বক্তব্যে অনেকেই শাস্তির সম্মুখীন হওয়া থেকে নিজেকে রক্ষা করা আবার অনেকেই টিকা গ্রহণের ফল সরূপ পুনরায় স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্খা থেকেই টিকার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।

তবে যেই কারণেই হোক, প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে টিকা নিয়ে এমন ইতিবাচক ধারণা অবশ্যই করোনা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

এই ক্রান্তিলগ্নে এসে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে টিকার ব্যবস্থাপনার সমস্যা কিংবা সংকট কাটাতে সক্ষম হলে ও পর্যাপ্ত সরবরাহ করতে পারলে অচিরেই বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণ করে বিশ্ব দরবারে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা করবে।

সবশেষ প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের আহবানে একাত্মতা প্রকাশ করে বলতে চাই ‘জীবন বাঁচলে, পরিবার বাঁচবে, জীবিকা বাঁচবে। প্রতিটি পরিবার সুরক্ষিত হলে, সমাজ সুরক্ষিত হবে, সুরক্ষিত হবে পুরো দেশ, অব্যাহত থাকবে জীবন-জীবিকা ও অর্থনীতির চাকা। মানুষের জীবন বাঁচাতে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে সরকার, এখন নিজের পরিবারকে বাঁচাতে টিকা নেওয়ায় দায়িত্ব আপনার।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর