নরসিংদীতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১২

নরসিংদীর মাধবদীতে বালুবাহী ট্রাক ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে ও আহত হয়েছে ১২জন। সংঘর্ষে নিহতরা হলেন ইসলাম (৪৮) ও মোঃ আলাউদ্দিন (৫৫)।

শনিবার (৭ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নজরুল ইসলাম (৪৮) কিশোরগঞ্জ জেলার নিকলি থানার আবুদা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে ও মো. আলাউদ্দিন (৫৫) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রসুলপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা নরসিংদী গামী একটি বালুবাহী ট্রাক মাধবদীর কান্দাইলে পৌঁছলে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে যাত্রীবাহি পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নজরুল ইসলাম নামে এক যাত্রী মারা যায়।এসময় পিকআপ ভ্যানে থাকা শিশুসহ ১৬ যাত্রীর মধ্যে ১২ জন যাত্রী আহত হয়। । খবর পেয়ে মাধবদী থানা, ভুলতা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এর মধ্যে ৯ জনকে রুপগঞ্জের ভুলতার ইউএস বাংলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. আলাউদ্দিন নামে আরও একজন মারা যায়। দুইজনের মরদেহ উদ্ধার করে নারায়নগঞ্জের ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

মাধবদী থানার উপ-পরিদর্শক বেলাল উদ্দিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বার্তা বাজার/টি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *