সাভারে ‘পরীক্ষামূলক’ করোনার গণটিকাদান কর্মসূচি শতভাগ সফল!
পরীক্ষামূলকভাবে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঢাকার সাভার উপজেলার ১২টি ইউনিয়নে টিকাদান কর্মসূচি সফল হয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। শনিবার (৭ আগষ্ট) রাতে বার্তা বাজার প্রতিনিধিকে একথা বলেন তিনি।
এর আগে, শনিবার (৭ আগষ্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই গণটিকাদান কর্মসূচি চলেছে বিকেল তিনটা পর্যন্ত।
সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও ইউএইচএফপিও (সাভার) বলেন, সাভারের বারোটি ইউনিয়নের ওয়ার্ড লেভেলে পরীক্ষামূলক করোনাভাইরাস এর গণটিকাপ্রদান কার্যক্রম শতভাগ সফল হয়েছে। প্রতিটি ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত ৬০০ ভ্যাক্সিনই শেষ হয়েছে আজ। সংশ্লিষ্ট ওয়ার্ডের নিবন্ধনকৃত ব্যক্তিরা স্বতঃস্ফুর্তভাবে নির্দিষ্ট কেন্দ্রে এসে টিকা গ্রহন করেছেন যা একটি ইতিবাচক দিক।
ডা. হুদা জানান, শিমুলিয়া ইউনিয়নের বরাদ্দকৃত ৬০০ টিকা সকলে গ্রহন করেছেন। শনিবার (৭ আগষ্ট) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এভাবে- স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে ৬০৭টি, পাথালিয়া ইউনিয়নে ৬১০টি, ইয়ারপুর ইউনিয়নে ৬১০টি, আশুলিয়া ইউনিয়নে ৬১০টি, বিরুলিয়া ইউনিয়নে ৬০০টি, সাভার ইউনিয়নে ৬১৬টি, তেঁতুলঝোড়া ইউনিয়নে ৬১০টি, বনগাঁও ইউনিয়নে ৬১০টি, আমিনবাজার ইউনিয়নে ৬০৪টি, কাউন্দিয়া ইউনিয়নে ৬০৬টি এবং ভাকুর্তা ইউনিয়নে ৬০৬টি সহ মোট ৭২৯২টি টিকা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বারোটি ইউনিয়নের মোট ৩৬টি বুথে ৪০১৫ জন পুরুষ এবং ৩২৭৭ জন নারী কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহন করেছেন। বরাদ্দকৃত মোট ৩৬৫৮ ভায়াল (৭৩১৬ ডোজ) এর ভিতরে বারোটি ইউনিয়নে মোট ৩৬৫৬ ভায়াল (৭৩১২ ডোজ) খরচ হয়েছে।
এসময় ডা. সায়েমুল হুদা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিম এবং এই গণটিকাদান কর্মসূচির সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানান।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/এসবি