টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ জিতেছে ব্রাজিল। ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়ে শিরোপার স্বাদ নিলো ব্রাজিল।
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গোল পেয়ে রিও অলিম্পিকের পর টানা দ্বিতীয়বার স্বর্ণ জিতল তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দুইদল। সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কোনো দল। এদিকে ম্যাচের ৩৮ মিনিটে এগিয়ে যেতে পারতো ব্রাজিল। যদি রিচার্লিশন পেনাল্টি থেকে গোল আদায় করতে পারত।
ম্যাচের ৩৪ মিনিটে ডি বক্সের ভেতর মাথিউস কুনহাকে ফাউল করে বসেন স্প্যানিশ গোলকিপার। এতে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি শটটি ক্রসবারের উপর দিয়ে মেরে গোল করতে ব্যর্থ হন রিচার্লিশন।
তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দানি আলভেসের পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন কুনহা। অন্যদিকে ম্যাচের ৬১ মিনিটে গোল করে স্পেনকে সমতায় ফেরান মিকেল ওয়ারজাবাল। এর ফলে ১-১ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি দুইদল। তবে ১০৮ মিনিটে অ্যান্টনির পাস থেকে স্পেনের জাল কাঁপান ম্যালকম। শেষ পর্যন্ত ২-১ গোল জয় পেয়ে স্বর্ণ জিতলো ব্রাজিল।
বার্তা বাজার/নব