খাদ্যসামগ্রী বিতরণ শেষে ফেরার পথে ছাত্রলীগ কর্মীকে হাতুড়ি পেটা

ফরিদপুরের বোয়ালমারীতে লিমন মোল্যা নামে এক ছাত্রলীগ কর্মীকে হাতুড়ি পেটা করে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে।

শনিবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের দাদুড়িয়া বিলের ফাঁকা রাস্তায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার কাদিরদী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র ও শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জানা যায়, শনিবার সকাল ১১টায় বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে পথচারীদের মাঝে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও শুকনা খাবার বিতরণ করা হয়। ছাত্রলীগের প্রোগ্রাম শেষে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন ছাত্রলীগকর্মী লিমন মোল্যা (১৯) তিন বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ফিরছিলেন।

দুপুর ২টার দিকে পথিমধ্যে চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ডা. দিলীপ রায় হোমিওপ্যাথি কলেজের সামনে পৌঁছালে বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধারকোঠা গ্রামের শাকিল নামে জনৈক এক ব্যক্তি মুঠোফোনে লিমনকে জরুরি কথা আছে বলে ধুলপুকুরিয়ার ওই স্থানেই থামতে বলে।

শাকিল স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং সে লিমনের পূর্ব পরিচিত। কিছুক্ষণ পরে জনৈক ব্যক্তিসহ চার-পাঁচজন ভ্যানযোগে এসে লিমনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম অবস্থায় ফেলে পালিয়ে যায়। হামলায় লিমনের মাথা থেতলে গেছে এবং একটি চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে।

পরে লিমনের দুইবন্ধু এলাকাবাসীর সহযোগিতায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক বলেন, করোনায় স্বাস্থবিধি বজায় রেখে শনিবার সকালে পৌরসদরের ডাকবাংলো মোড়ে উপজেলা ও পৌর শাখার আয়োজনে পথচারীদের মাঝে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও শুকনা খাবার বিতরণের প্রোগ্রাম ছিলো। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, বোয়ালমারী শাখার সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ আমরা প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলাম।

উপজেলার প্রতি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে করোনায় মাস্ক ও শুকনা খাবার বিতরণ করার জন্য সকলকে ডাকবাংলো মোড়ে ডাকা হয়। সেখান থেকে লিমন মোল্যা এসব মালামাল নিয়ে বাড়ি যাচ্ছিল। পরে জানতে পারি চতুলের ধুলপুকুরিয়া এলাকায় লিমনের ওপর হামলা হয়েছে। এ হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য দাবী জানাচ্ছি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাউম হোসাইন জানান, লিমন মোল্যা নামে একটি ছেলের শরীরে হাতুড়ির পিছন দিয়ে পিটিয়ে জখম অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় ও মুখে ছয়টি স্থানে জখম হয়েছে। সব মিলে জখমস্থানে ২৫টির বেশি সেলাই দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ছাত্রলীগ এক কর্মীর ওপর হামলার ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরে হাসপাতালে ওই ছেলেটির সাথে পুলিশের কথা হয়েছে। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর