ভুঁইফোড় অনলাইন পত্রিকা অফিস থেকে দেড় হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার শহরের একটি ভুঁইফোড় অনলাইন পত্রিকার অফিসে অভিযান চালিয়ে ১হাজার ৫৬০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭ আগস্ট) দুপুর ২ টায় শহরের আলীর জাহাল পুরাতন আয়কর ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন ডটকম‘ নামক একটি ভুঁইফোড় অনলাইন পত্রিকার অফিস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে আতিকুর রহমান (৩০) ও সাহিত্যিকা পল্লী এলাকার আব্দুর রশীদের ছেলে ইব্রাহীম খলিল (২৯)।

অভিযানকালে ইব্রাহীম খলিলের কাছ থেকে ‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন’ অনলাইন পত্রিকার কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি আরো জানান, দীর্ঘ দিন ধরে কথিত অনলাইন পত্রিকার অফিসের আড়ালে একটি চক্র মাদককারবার চালিয়ে আসছিলো এমন তথ্যের ভিত্তিতে ভবনটি নজরদারীতে রাখা হয়। শনিবার (৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে এই চক্রের দুই সদস্যকে হাতে নাতে ইয়াবাসহ আটক করা হয়।

জব্দকৃত মাদকসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর