আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশান ৩৬ নম্বর রোডের বাসায় তল্লাশি চালাচ্ছে সিআইডি।
শনিবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে অভিযান চালানো হয় বলে সিআইডির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে।
এর আগে গত বৃহস্পতিবার হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনোর সরঞ্জাম, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া ও চাকু জব্দ করে র্যাব। এরপর জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়।
পরে রাত ২টা থেকে রাত ৪টা পর্যন্ত মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান পরিচালনা করে র্যাব।
এরপর শুক্রবার (৩০ জুলাই) হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক, বন্যপ্রাণী সংরক্ষণ ও টেলিযোগাযোগ আইনে গুলশান থানায় তিনটি মামলা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হেলেনার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বার্তা বাজার/নব