দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ২০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯৪ জনই ঢাকার। ঢাকার বাইরে রয়েছেন ১০ জন।
শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৫৮ জন ও অন্যান্য বিভাগে রোগীর সংখ্যা ৩৯ জন।
এর আগে শুক্রবার (৬ আগস্ট) দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২১৪ জন, বৃহস্পতিবার ২১৮ জন, বুধবার ২৩৭ জন, মঙ্গলবার ২৬৪ জন এবং গত সোমবার সর্বোচ্চ ২৮৭ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত সারাদেশে ৪ হাজার ৩১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৩১২ জন।
বার্তা বাজার/নব