গণটিকা কেন্দ্রে কাজ করছে স্বেচ্ছাসেবক লীগ!
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে সরকারের বিনামূল্যে গণটিকা প্রদান কার্যক্রমে শৃঙ্খলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি ইউনিয়নের টিকাদান কেন্দ্রে সকাল থেকেই কাজ করছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টা থেকে সারাদেশের ন্যায় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে চলছে এই গণটিকা কার্যক্রম। আর প্রতিটি কেন্দ্রে ৫ জন করে মোট ৩৫ জন স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা এতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। সরকার ঘোষিত টিকা প্রদানের নির্দিষ্ট সময় পর্যন্তই স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করবে বলে জানা গেছে।
সরেজমিন বুড়াইচ ইউনিয়ন পরিষদ ও বানা ইউনিয়নের শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের পরীক্ষামূলক গণটিকা প্রদান কার্যক্রমে টিকা নিতে শতশত মানুষ উপস্থিত হয়েছেন কেন্দ্রগুলোতে।
নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রগুলোতে নারী-পুরুষের ভীড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথেই সেই ভিড় দ্বিগুণ হয়ে যায়। নিবন্ধনের জন্য নারী-পুরুষ অপেক্ষা করছে কেন্দ্রগুলোতে।
আর টিকা নিতে আসা এ সকল মানুষের সার্বিক সহযোগিতা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কেন্দ্রের শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে দেখা গেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের। টিকা নিতে আসা মানুষগুলো যাতে কোনো বিড়ম্বনার শিকার না হন তার জন্য সার্বিক ভাবে কাজ করছে এ সকল স্বেচ্ছাসেবকরা। সেই সাথে টিকা নিতে আসা মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে দেখা গেছে।
কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, বুড়াইচ ইউনিয়ন পরিষদ কেন্দ্রে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য মো. তারিকুল ইসলামের নেতৃত্বে টিকাদান কেন্দ্রে শৃঙ্খলা ও সহযোগিতায় কাজ করছে একটি টিম।
এদিকে শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বানা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হান্নান বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. এনামুল হকের নেতৃত্বে আরেকটি টিম সু-শৃঙ্খলভাবে সাধারণ মানুষকে নির্বিঘ্নে টিকাগ্রহণে সহায়তা করছে।
শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসা রুকাইয়া বেগম নামে এক নারী বলেন, ‘বেলা ১২টার দিকে টিকা নিতে কেন্দ্রে এসেছি। কি করতে হয় জানি না। কিভাবে কি করবো বুঝতেছিলাম না। কিন্তু স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এসে আমার সব কাজ করে দিয়েছে। পরে আমি নির্বিঘ্নে টিকা নিতে পেরেছি।’
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বার্তা বাজারকে বলেন, আজকের গণটিকা প্রদান কার্যক্রমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি কেন্দ্রে ৬০০ জন মানুষকে টিকা প্রদান করা হচ্ছে। এতো মানুষের সমাগমকে শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা যেভাবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে তা নিঃসন্দেহে প্রশংসার।
আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন বার্তা বাজারকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষের জন্য যেভাবে কাজ করছে তা বিরল। করোনা সংক্রমণরোধে আওয়ামী লীগ সরকার বিনামূল্যে সারাদেশে আজ গণটিকা প্রদান করছেন।
এই গণটিকা প্রদানে যাতে কোন বিশৃঙ্খলা না হয় তার জন্য আমরা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছি। উপজেলাতে আমাদের ৩৫ জন সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।’
এদিকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে গণটিকা প্রদান কার্যক্রম সফল করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তাদের সকাল থেকেই মাঠে দেখা গেছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি