ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি ও একার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি।
শনিবার (৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আয়োজিত সভা শেষে এ তথ্য জানান সমিতির সভাপতি মিশা সওদাগর।
তিনি বলেন, বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন চিত্রনায়িকা পরীমনি ও একা। পরীমনির বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে। তাদের ব্যক্তিগত দায় চলচ্চিত্র সমিতি নেবে না। ব্যক্তি কর্মের দায়িত্ব ও দায়ভার তাদের নিজেদের নিতে হবে। সমিতি তাদের ব্যক্তি অপরাধ মেনে নেবে না।
তিনি আরও বলেন, একজন শিল্পী কোথায় বাস করে, কোথায় চলাফেরা করে সেটির নিয়ন্ত্রণ সমিতি করবে না। পরীমনি সমিতির সংবিধান পরিপন্থী কাজ করেছেন। তার কার্যকলাপে সমিতির সম্মানক্ষুণ্ন হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, শিল্পী হিসেবে আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তবে আইনের পথে আমরা বাধা দেব না। প্রশাসন তার কাজ নিরবচ্ছিন্নভাবে করবে।
বার্তা বাজার/নব